[email protected] রবিবার, ৮ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ১:৩৫ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, বেলপুকুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ এবং একই ওয়ার্ডের বিএনপি সভাপতি মমিনের মধ্যে বাঁশপুকুরিয়া দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, মমিনের ভাতিজা খোরশেদ ও জয় বাজারে এলে আব্দুল ওয়াহিদ মেম্বার ও তার অনুসারীরা তাদের ওপর হামলা চালায়।

এতে তাদের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে মমিন সমর্থকদের একটি দল বাজার এলাকায় এসে আব্দুল ওয়াহিদকে না পেয়ে তার ভাতিজা আনিসুর রহমানের কীটনাশকের দোকানে ভাঙচুর চালায়।

এ সময় একটি ক্যারাম বোর্ড রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।


সংবাদ পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বেলপুকুর থানার ওসি মো. আরজুন জানান, ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর