কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা একটি গরু নিলামে কিনেও প্রায় এক বছর ধরে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. জীবন মিয়ার বিরুদ্ধে।
একই সঙ্গে নিলাম কার্যক্রমে প্রভাব বিস্তার এবং সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জীবন মিয়া শহরের হারুয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বলে দাবি করেন।
তবে এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, বর্তমানে ওই ওয়ার্ডে দলের কোনো কমিটি নেই। কেউ যদি দলের নাম ব্যবহার করে নিজেকে নেতা দাবি করেন, সেটি সম্পূর্ণ অসাংগঠনিক।
পাগলা মসজিদ প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে দানের একটি গরু ৫৫ হাজার টাকায় ক্রয় করেন জীবন মিয়া।
নিলামের নিয়ম অনুযায়ী ক্রেতাকে তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করার কথা থাকলেও তিনি তখন কোনো টাকা দেননি। পরবর্তীতে প্রায় এক বছর পার হলেও এখনও সেই অর্থ পরিশোধ করা হয়নি।
মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, গরুর মূল্য আদায়ের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তার কাছ থেকে সন্তোষজনক কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া এ বিষয়ে কথা বলতে গেলেও তিনি হুমকি-ধামকি দেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে মসজিদের নিলাম কার্যক্রমে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার আসরের নামাজের পর পাগলা মসজিদ প্রাঙ্গণে তথ্য সংগ্রহ করতে গেলে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুসহ চার সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, জীবন মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি এই হামলা চালায়।
আহত সাংবাদিকদের কিশোরগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, মামলার পর অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পাগলা মসজিদের নিলাম কার্যক্রমকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: