চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
একই সঙ্গে তারা তাদের গ্রামকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, মসজিদের ইমাম-মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজীপাড়া গ্রামে কয়েকটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছে।
তাদের কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। বাইরের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে বলে দাবি করেন তারা। এতে স্থানীয় তরুণ ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা বাড়ছে।
বক্তারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও মাদক বেচাকেনা শুরু হয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
এসময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
প্রয়োজনে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এসআর
মন্তব্য করুন: