আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
তিনি জানিয়েছেন, এবারের ঈদে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম খরচে লঞ্চে যাত্রী পরিবহনের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা এই ইফতার মাহফিলের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহনের বিষয়ে লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নৌপথগুলোতে ড্রেজিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কোথাও ড্রেজিং প্রয়োজন হলে ঈদের আগেই তা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজিব আহসান বলেন, যাত্রীদের সুবিধার জন্য বন্দরগুলো পরিচ্ছন্ন রাখা, হকারমুক্ত করা এবং অনাকাঙ্ক্ষিত ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার সদরঘাটের চাপ কমাতে বসিলা ও কাঞ্চন এলাকা থেকেও লঞ্চ চলাচলের পরিকল্পনা রয়েছে।
এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে বসবাসরত গার্মেন্টস শ্রমিকদের যাতায়াত সহজ করতে সংশ্লিষ্ট ঘাটগুলো চালু করার কথাও জানান তিনি। যাত্রীসেবা উন্নত করতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন নৌ প্রতিমন্ত্রী।
এসআর
মন্তব্য করুন: