কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের তীরবর্তী একটি গাছ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরার কুটি হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি প্রথমে দেখতে পান এলাকাবাসী।
পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স ৬০ বছরের বেশি। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, তিনি এলাকার বাসিন্দা নন বলে মনে হচ্ছে। কারণ, স্থানীয় কেউ হলে পরিচিতজনেরা তাকে শনাক্ত করতে পারতেন।
ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিয়ে নানা আলোচনা চলছে। কয়েকজনের সন্দেহ, হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
প্রয়োজনে সিআইডির সহায়তাও নেওয়া হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসআর
মন্তব্য করুন: