[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত নূরসহ গ্রেপ্তার আরও ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০ পিএম

সংগৃহীত ছবি

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ নূরসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।


নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, নূর মোহাম্মদ নূরাকে গাজীপুর জেলার মাওনা এলাকা থেকে এবং অপর আসামি হযরত আলীকে ময়মনসিংহ জেলার গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাবার কাছ থেকে অপহরণের পর কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


ঘটনার পরপরই জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে বৃহস্পতিবার রাতে মাধবদী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।


ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রায় দুই সপ্তাহ আগে বাড়ি ফেরার পথে কিশোরীকে জোর করে তুলে নিয়ে নির্যাতন করা হয়। বিচার চেয়ে তারা স্থানীয় সাবেক ইউপি সদস্যের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। উল্টো এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ তাদের।


পরিবারের সঙ্গে ইউপি সদস্যের কাছে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিরাপত্তার কারণে মেয়েকে আত্মীয়ের বাড়িতে নেওয়ার সময় বিলপাড় এলাকা থেকে তাকে আবারও তুলে নেওয়া হয়। পরদিন সকালে স্থানীয়রা একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।


মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ধর্ষণ ও হত্যার অভিযোগে মোট ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গ্রেপ্তার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাতে দলটির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর