কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় একটি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
জানা গেছে, কলাতলী বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কে অবস্থিত “কক্সবাজার ফিলিং স্টেশন” নামের একটি গ্যাস পাম্পে মঙ্গলবার রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ৮টার দিকে পাম্পে গ্যাস লিকেজ ধরা পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে রাত ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে।
এতে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সাতটি ইউনিট একযোগে কাজ করছে।
বিস্ফোরণের তীব্রতায় পাম্পের আশেপাশের প্রায় ৫০টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করছেন।
ঘটনার পর কলাতলী বাস টার্মিনাল থেকে বাইপাস সড়ক পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এসআর
মন্তব্য করুন: