রাজশাহীর শাহমখদুম থানা এলাকার পবা রাইসমিলপাড়া মহল্লায় পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (দুপুর আনুমানিক দেড়টা) নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত সাব্বির স্থানীয় বাসিন্দা শাহিন ইসলামের ছেলে। তিনি বাবার পরিচালিত একটি খাবারের হোটেলে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই এলাকার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫)-এর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, জাসন মাদকাসক্ত এবং সাম্প্রতিক সময়ে তার আচরণ ছিল বেশ বেপরোয়া। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, জাসনের মা শিরিন বেগম তাদের অর্ধকাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন।
জমি বিক্রি নিয়ে জাসনের ক্ষোভ ছিল। এ নিয়ে মঙ্গলবার শাহিন ইসলামকে মারধরের ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে সাব্বিরকে একা পেয়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাসন।
গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বুকে গভীর আঘাতের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআর
মন্তব্য করুন: