লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা এবং অবৈধভাবে নিবন্ধিত সিম কার্ড বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানার আওতাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী এলাকায় একটি বাড়িতে প্রথম দফা অভিযান পরিচালনা করা হয়।
সেখানে কয়েকজন যুবক মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধিত সিম কার্ড সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লতাবর ঢাকাইয়া টারী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম ওরফে আরিফুল (২৪) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও লেনদেনে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ৮২টি সন্দেহভাজন অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে।
জব্দকৃত মোবাইলগুলোতে একাধিক জুয়ার অ্যাপ পাওয়া গেছে। এছাড়া কয়েকটি সিম নম্বরের সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবার হিসাব সংযুক্ত থাকার তথ্য মিলেছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি কর্মকর্তারা বলেন, অনলাইন জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের বিরুদ্ধে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে।
বিষয়টি ২৫ ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি সত্যিই মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, তবে তা যেন নিয়মিত ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন হয়- শুধু প্রচারণার জন্য নয়।
এসআর
মন্তব্য করুন: