চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারা সংক্রান্ত টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গরুর বাজার, মাছ বাজার এবং পাঁচটি সিএনজি স্ট্যান্ডসহ কয়েকটি হাট-বাজার ইজারার শিডিউল জমা দেওয়ার সময় এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, টেন্ডার শিডিউল জমা দিতে গেলে যুবদল নেতা আবু সাঈদ ব্যাপারী ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজীর অনুসারীরা পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানসহ অপর একটি পক্ষকে বাধা দেন। এ সময় কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
আবু সাঈদ ব্যাপারীর দাবি, নির্ধারিত সময় ছিল দুপুর ১টা পর্যন্ত। সময় পেরিয়ে যাওয়ার পর কয়েকজন শিডিউল জমা দিতে এলে তারা বাধা দেন। এতে প্রতিপক্ষ তাদের এক কর্মীকে মারধর করে আহত করে।
অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও নান্নু প্রধান অভিযোগ করেন, প্রশাসনের পক্ষপাতিত্বে একটি পক্ষের শিডিউল গ্রহণ করা হয়েছে। তাদের বক্তব্য, টেন্ডার বক্স উপজেলা, থানা ও পৌরসভা—তিন জায়গায় রাখার কথা থাকলেও কেবল পৌরসভায় রাখা হয়। তারা পুরো প্রক্রিয়া বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।
তাদের আরও অভিযোগ, শিডিউল জমা দিতে গেলে বাধা দেওয়া হয় এবং এক নেতা গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল জানান, শিডিউল জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করে। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, নির্ধারিত সময়ের ঠিক আগে শিডিউল জমা দেওয়ার চেষ্টা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল। তিনি জানান, সাতটি স্থানের বিপরীতে সাতটি শিডিউল জমা পড়েছে। নির্ধারিত সময়ে জমা না দিতে পারলে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এসআর
মন্তব্য করুন: