মাগুরার শ্রীপুরে সাত বছরের আফিয়া খাতুন নামের এক মুমূর্ষু শিশুকে সরকারি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দারিয়াপুর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আফিয়া খাতুন মাগুরা সদর উপজেলার শেখপাড়া গ্রামের ইলিয়াস আলীর কন্যা।
জানা গেছে, সকালে আফিয়া তার মামার বাড়ি দারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামে যায়। সেখানে খেলাধুলার সময় কৃষিজমিতে রাখা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তার অবস্থা বিবেচনা করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরিবারের সঙ্গে কথা বলে সরকারি অ্যাম্বুলেন্সে শিশুটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রায় ২০ মিনিট অপেক্ষার পর অ্যাম্বুলেন্স চালক রোগীর স্বজনদের শিশুটিকে নামিয়ে অন্য যানবাহনে পাঠাতে বলেন। চালক জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জরুরি কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন। এরপর পরিবার ইজিবাইকে শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যান।
ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, সদর হাসপাতাল খুব দূরে নয়, তাই বিকল্প যানবাহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। তার সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ দুই বছর ধরে বন্ধ থাকায় জরুরি প্রশাসনিক কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করা প্রয়োজন হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ জানিয়েছেন, ঘটনা সম্পর্কে জেলা কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং ভবিষ্যতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, অসুস্থ শিশুকে অ্যাম্বুলেন্স থেকে নামানো ঠিক হয়নি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: