[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

গোপালপুরে ঘোড়া জবাই করে গোশত বিক্রির চেষ্টা, আটক ৪

গোপালপুর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩১ পিএম

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রাতের আঁধারে ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার গভীর রাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনাস্থল থেকে চারটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকার আমিনুর, জামগড়া এলাকার সুমন, সাভারের ফরহাদ এবং রংপুরের কাউনিয়া এলাকার আরেক সুমন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি ট্রাকে করে ১২টি ঘোড়া ওই এলাকায় আনা হয় এবং একটি বাড়িতে রাখা হয়।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার ভোরের আগে নির্জন স্থানে আটটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হয়। জবাইকৃত ঘোড়ার মধ্যে দুটি গর্ভবতী ছিল বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।


অবশিষ্ট চারটি ঘোড়া জবাইয়ের প্রস্তুতির সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করেন। পরিস্থিতি বুঝে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়।

পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং জীবিত ঘোড়াগুলো জব্দ করে।


ধোপাকান্দি ইউনিয়নের এক স্থানীয় প্রতিনিধি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ঘোড়া এনে অবৈধভাবে জবাই করে মাংস সরবরাহের অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
গোপালপুর থানার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর