[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

রমজানকে ঘিরে লালমনিরহাটে বাজার তদারকি জোরদার

লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৫৪ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে রাখতে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলা শহরসহ একাধিক উপজেলায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শহরের মিশন মোড় এলাকায় অস্থায়ী ফলের দোকানগুলো পরিদর্শন করেন।

এ সময় কয়েকটি দোকানে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিটি দোকানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

পাশাপাশি রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হোটেল-রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করা হয়।


অন্যদিকে আদিতমারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম ও নিরাপদ খাদ্য কর্মকর্তা যৌথভাবে বাজার পরিদর্শন করেন।

উপজেলা কার্যালয় থেকে বের হয়ে তারা মহিষখোচা বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে ব্যবসায়ীদের পোড়া তেল ব্যবহার থেকে বিরত থাকা, খাবারের মান বজায় রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখার ব্যাপারেও কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়।


পরিদর্শনের সময় প্রায় অর্ধশতাধিক দোকান ঘুরে দেখা হয়। মহিষখোচা ইউনিয়নের এক মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর