[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহে নিহত শাওনের পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীর এলাকায় ছিনতাইকারীদের হামলার ঘটনায় নিহত কলেজছাত্র নুরুল্লাহ শাওনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

গত বুধবার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে গেলে একদল কিশোর ছিনতাইকারীর কবলে পড়েন শাওন।

 

একপর্যায়ে দুজন আলাদা হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। রিয়াদ ফিরে আসতে সক্ষম হলেও শাওন নিখোঁজ হন।

পরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতের দিকে জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে তার মরদেহ ভেসে ওঠে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত নুরুল্লাহ শাওন (২৬) ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।


ময়নাতদন্ত শেষে শনিবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে। পরে নিজ গ্রাম চরঝাকালিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।


দাফনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কটিয়াদী উপজেলা শাখার নেতৃবৃন্দ শাওনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।


এসময় তারা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর