অমর একুশের প্রভাতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বিভিন্ন আবাসিক হল, বিভাগ, দপ্তর এবং নিবন্ধিত-অনিবন্ধিত ছাত্রসংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানায়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় এ দেশের মানুষের আত্মদানের স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত হয়েছে। ভাষা শহীদদের এই ত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস বলেও তিনি উল্লেখ করেন।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি শোক র্যালি বের করা হয়।
র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও গোলচত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেন।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কুবিতে অমর একুশের চেতনা স্মরণ করা হয়।
এসআর
মন্তব্য করুন: