দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুত ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে দেশের আটটি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটের গোকুণ্ডা বাজার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রীত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি ছিল তার প্রথম সরকারি সফর।
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিশেষ প্যাকেজ বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভার একাধিক বৈঠক হয়েছে। তিনি বলেন, প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে ধাপে ধাপে এ কর্মসূচির আওতায় আনার প্রস্তুতি চলছে।
ঈদের আগেই কার্যক্রম শুরু করতে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, খাল পুনঃখনন ও সংস্কারে পানিসম্পদ, এলজিআরডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
পাশাপাশি সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চলতি বছরে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ।
রমজান ও ঈদকে ঘিরে বাজারদর নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী। ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, সংস্থাটি একটি স্বাধীন প্রতিষ্ঠান; কার বিরুদ্ধে তদন্ত বা মামলা হবে, তা তাদের এখতিয়ারভুক্ত বিষয়।
জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, মানুষের প্রত্যাশা পূরণই সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি আগামী ২২ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: