ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে প্রায় ১০ জনের একটি দল বাসস্ট্যান্ড এলাকার শহীদ মিনারের সামনে অবস্থিত ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্যালয়ে প্রবেশ করে।
সেখানে তারা সংক্ষিপ্ত সময় অবস্থান করে দলীয় কার্যক্রম শুরুর ইঙ্গিত দেন এবং পরে দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতরে দেয়ালের এক পাশে দলীয় পতাকা, মাঝখানে জাতীয় পতাকা এবং অন্য পাশে ‘তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ’ লেখা ব্যানার টাঙানো হয়। পরবর্তীতে সামনে জাতীয় পতাকা রেখে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দীর্ঘ সময় ধরে ভবনটি অব্যবহৃত অবস্থায় ছিল।
প্রচারিত ভিডিওতে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে বক্তব্য সঞ্চালনা করতে দেখা যায়। তিনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নেতাকর্মীদের কার্যালয়ে আসার আহ্বান জানান বলে ভিডিওতে শোনা যায়।
এ বিষয়ে উপজেলা বিএনপির এক নেতা জানান, ঘটনার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন; খোঁজ নিয়ে পরবর্তীতে জানানো হবে।
অন্যদিকে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কার্যালয়টি আগের মতোই পরিত্যক্ত থাকবে এবং সেখানে কাউকে জড়ো হতে দেওয়া হবে না।
যারা প্রবেশের চেষ্টা করেছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি
এসআর
মন্তব্য করুন: