[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

মানবতার সরনি'তে বদলে যাচ্ছে নকলা, রমজানে বহুমুখী উদ্যোগ তরুণদের

নকলা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩০ এএম

মানবতার সরনি থেকে দুস্থদের সহায়তা করছেন সংগঠনটির তরুণরা।

শেরপুরের নকলা উপজেলায় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সরণি’ পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনটির উদ্যোগে সম্প্রতি উপজেলার ৪১টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসারে মাসব্যাপী কুরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠা এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে প্রশংসা অর্জন করেছে।


রমজানে ব্যতিক্রমী ধর্মীয় শিক্ষা উদ্যোগ- 
চলতি রমজানে খাদ্য সহায়তার পাশাপাশি দুইটি অস্থায়ী কেন্দ্রে ১ থেকে ২৫ রমজান পর্যন্ত কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শিশু থেকে শুরু করে বয়স্কদের জন্য উন্মুক্ত এই ক্লাসে শুদ্ধ তিলাওয়াত এবং সঠিকভাবে নামাজ আদায়ের নিয়ম শেখানো হচ্ছে। আয়োজকদের ভাষ্য, মানুষের মাঝে সঠিক ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।


পাঁচ বছরের ধারাবাহিক সেবা-
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
পানি ও স্যানিটেশন সহায়তা: কয়েকটি অসচ্ছল পরিবারে টিউবওয়েল স্থাপন ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ।


চিকিৎসা ও শিক্ষা সহায়তা: দরিদ্র রোগীদের জরুরি চিকিৎসা ব্যয়ে সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।
আয়বর্ধক উদ্যোগ: অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল ও হাঁস বিতরণ।


পরিবেশ ও সামাজিক কার্যক্রম: বৃক্ষরোপণ, তীব্র গরমে ফ্যান বিতরণ এবং ঈদ উপলক্ষে উপহার সামগ্রী প্রদান।
দুর্যোগে পাশে থাকা- ২০২৪ সালের বন্যায় নকলা ও নালিতাবাড়ি অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসে সংগঠনটি। সে সময় সদস্যরা নিজেদের অর্থ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রায় ৫০ হাজার টাকার সহায়তা প্রদান করেন।


সংগঠনটির স্লোগান - “মানবতার স্পর্শে দূর হোক সমাজের অন্ধকার।

তরুণদের এই উদ্যোগকে টেকসই করতে সমাজের সচেতন ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সদস্যরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর