তিনবার দাম্পত্য জীবনে ভাঙনের অভিজ্ঞতার পর আর কখনও বিয়ে করবেন না- এমন ঘোষণা দিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক।
ঘটনাটি হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে তিনি দুধ দিয়ে গোসল করেন।
তার আগে প্রতীকীভাবে গায়ে হলুদও মাখানো হয়। পরে উপস্থিত স্বজন ও এলাকাবাসীর সামনে তওবা করে আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত জানান তিনি।
যদিও এটি বিয়ে না করার ঘোষণা, আয়োজনের ধরন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতো।
বাড়ির সামনে সামিয়ানা টাঙানো, গেট ও প্যান্ডেল নির্মাণ, অতিথিদের বসার ব্যবস্থা—সবই ছিল। স্থানীয়দের আপ্যায়নের জন্য তিনটি ছাগল জবাই করে ভোজের ব্যবস্থাও করেন তিনি।
আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করার সময় এক তরুণীর সঙ্গে পরিচয়ের পর প্রথম বিয়ে করেন। কয়েক বছর পর সেই সংসার ভেঙে যায়। পরবর্তীতে ভিন্ন সূত্রে আরও দুটি বিয়ে হলেও সেগুলোও টেকেনি। বারবার দাম্পত্য জীবনে অস্থিরতা ও বিচ্ছেদের অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আর কোনোদিন বিয়ে করব না। জীবনকে নতুনভাবে শুরু করতে চাই। আগে যে ভুল পথে জড়িয়েছিলাম, সেটিও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তার এই ‘দুধ গোসল’ ও প্রকাশ্য শপথকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা বলছেন, ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও এমন ব্যতিক্রমী আয়োজন গ্রামে কৌতূহলের জন্ম দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: