[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল বিধ্বস্ত, কয়েক ঘণ্টা রেল চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫০ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রাজারহাট এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কায় একটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকে

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের পাশের রেললাইনে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।


ঘটনার পর ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানা গেছে। ফলে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে লোকোমাস্টার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনটি রাজারহাট ভূমি অফিস সংলগ্ন এলাকায় থামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি হয় এবং ওই রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলাচলের সময় রেললাইনের এক পাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


ট্রেন পরিচালক মো. কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি শনাক্ত হয়েছে। পাশাপাশি কয়েকটি পাদানি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “এই ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ। বিকল্প রেক এনে ট্রেনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বিকল্প ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছিল।

তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন ইঞ্জিন না পৌঁছানোয় ট্রেনটি সরানো সম্ভব হয়নি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত লাইন স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর