কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা দাফন ছাড়া পড়ে থাকার ঘটনা ঘটেছে।
পরে লিখিত সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে বুধবার রাত ১১টার দিকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
ঘটনাটি নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান (৭৫) মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন বুধবার বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সে অনুযায়ী এলাকায় ঘোষণা দেওয়া হয়।
কিন্তু সম্পত্তি বণ্টন নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধের কারণে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি।
পরিবারের সদস্যরা জানান, জীবিত অবস্থায় আজিজার রহমান বাড়িভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন।
এ নিয়ে প্রথম পক্ষের ছেলে আবদুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বুধবার সকালে জানাজার প্রস্তুতির সময় আবদুল হাকিম সমবণ্টনের দাবি তুলে দাফনে আপত্তি জানান। এতে জানাজা স্থগিত হয়ে যায় এবং কাফন পরানো মরদেহ বাড়ির আঙিনায় খাটিয়ায় রাখা থাকে।
দিনভর স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন। দীর্ঘ আলোচনার পর রাত ১০টার দিকে সালিশ বৈঠকে সমঝোতায় পৌঁছানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের জন্য সংরক্ষিত থাকবে।
এছাড়া আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় বণ্টনের বিষয়েও ঐকমত্য হয়। সমঝোতার বিষয়টি স্ট্যাম্পে লিখিতভাবে লিপিবদ্ধ করা হয় এবং উভয় পক্ষ তাতে স্বাক্ষর করেন।
পরে রাত ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এসআর
মন্তব্য করুন: