সৌদি আরবের আবহা শহরে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের চার সদস্য রয়েছেন। ঘটনায় পরিবারের আরও এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন—১৩ বছর বয়সী মোহনা, দেড় বছরের শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। আহত ফাইজা আক্তার (১১) বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে, যা বাংলাদেশ সময় রাত ১১টার কাছাকাছি।
স্বজনদের বরাতে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আবহায় হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।
নিহতের স্বজন রিফাতুল ইসলাম জানান, পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর মাধ্যমে তারা দুর্ঘটনার খবর নিশ্চিত হন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি তারা অবগত হয়েছেন। মরদেহ দেশে আনার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: