[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

ভোলায় নিজ বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২২ এএম

ভোলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ভুট্টো ওই এলাকার মো. আক্তারুজ্জামানের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির সামনের রাস্তায় একা দাঁড়িয়ে ছিলেন ভুট্টো। এসময় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার আর্তচিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


​পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মাদক ব্যবসার অভ্যন্তরীণ বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওসির দেওয়া তথ্যমতে, নিহতের নামে ইতিপূর্বে মাদক সংক্রান্ত মামলা ছিল।

​রাতের আঁধারে জনবহুল এলাকার কাছে এমন নৃশংস খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর