জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ পাবনা-৩ ও পাবনা-৪ আসনের ফলাফল পুনরায় গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকেরা এতে অংশ নেন।
প্রায় চার ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তাদের প্রার্থীরা গণনায় এগিয়ে থাকলেও কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে এবং জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারা দুই আসনের ভোট পুনর্গণনার দাবি জানান এবং বলেন, পুনর্গণনা হলে বিএনপি প্রার্থীরা জয়ী হবেন বলে তাদের বিশ্বাস। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
পরে বিএনপি প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক শাহেদ মোস্তফা অভিযোগ লিখিত আকারে নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস দিলে আন্দোলনকারীরা কার্যালয় ত্যাগ করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, দুই আসনের প্রার্থীদের অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: