[email protected] শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২

মেহেরপুরে চার কেন্দ্রে উত্তেজনা, সংঘর্ষে আহত ১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২:০৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটকে কেন্দ্র করে মেহেরপুরের দুই সংসদীয় আসনের চারটি কেন্দ্রে পৃথকভাবে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় জামায়াতের ১৬ জন এবং বিএনপির একজন কর্মী আহত হয়েছেন। পাশাপাশি একজনকে আটক করেছে পুলিশ।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


স্থানীয় সূত্র জানায়, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে জামায়াতের ১০ জন আহত হন। তাদের মধ্যে ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই উপজেলার ছাতিয়ান কেন্দ্রেও অনুরূপ অভিযোগে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জামায়াতের চারজন আহত হন। আহত তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে আরেকটি সংঘর্ষে বিএনপির এক কর্মী আহত হন।
অন্যদিকে, মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার হন জামায়াতের দুই সমর্থক—এমন অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর