[email protected] শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২

উৎসবমুখর আবহে হবিগঞ্জে ভোটগ্রহণ চলছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১:০৯ পিএম

সংগৃহীত ছবি

শান্ত ও উৎসবের আমেজে হবিগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে জেলার সবকটি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিরতিহীনভাবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

দিনের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকাল গড়ানোর আগেই নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। অধিকাংশ কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। ভোটাররা সুশৃঙ্খল পরিবেশে ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করছেন।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটারদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতে তারা সক্রিয় রয়েছেন।


হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে এবার বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে দলীয় মনোনয়নপ্রাপ্ত ২১ জন এবং স্বতন্ত্র ৪ জন। বিএনপি নেতৃত্বাধীন জোট চারটি আসনেই ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এক আসনে দাঁড়িপাল্লা, দুই আসনে দেয়ালঘড়ি এবং এক আসনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৫ হাজার ৭৩৬ জন, নারী ৯ লাখ ২৮ হাজার ৮৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন।

জেলার মোট ভোটকেন্দ্র ৬৪৭টি। এছাড়া ১৫ হাজার ৩৫২টি পোস্টাল ব্যালটের ব্যবস্থাও রয়েছে।


নিরাপত্তা জোরদারে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশসহ সাড়ে ১১ হাজারের বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছেন।


সার্বিকভাবে কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর