[email protected] বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২

ঝিনাইদহে আগাম স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২:৪১ এএম

স্বাক্ষর নেয়া ফলাফল সিট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে আগেভাগে স্বাক্ষর করা একাধিক ফাঁকা ফলাফল শিট জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঘটনাটি ঘটেছে সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের স্বাক্ষরযুক্ত মোট ২৩টি ফাঁকা ফলাফল শিট উদ্ধার করা হয়।

পরে সেগুলো বাতিল করে ছিঁড়ে ফেলা হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে সতর্ক করা হয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি, সেনাবাহিনী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা।


জানা গেছে, পরদিন অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবস্থান করছিলেন।

এ সময় এক প্রার্থীর পোলিং এজেন্টকে দিয়ে কয়েকটি ফাঁকা ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে অপর প্রতীকের এজেন্টও কয়েকটি শিটে স্বাক্ষর করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, ভোট গণনা শেষে ফলাফল শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার বিধান রয়েছে। আগেভাগে স্বাক্ষর নেওয়া নিয়মবহির্ভূত। বিষয়টি জানার পর শিটগুলো জব্দ করে বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে।


উল্লেখ্য, কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। তিনি দাবি করেন, বিষয়টি ভুলবশত ঘটেছে। পরে তা বুঝতে পেরে সংশ্লিষ্ট কাগজপত্র বাতিল করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর