[email protected] বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২

যে ইউনিয়নের সব কেন্দ্রে দায়িত্বে থাকবেন নারী কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৭ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

ভোটার উপস্থিতি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে নেওয়া হয়েছে একটি বিশেষ ব্যবস্থা।

দীর্ঘ প্রায় ৫৪ বছর ধরে স্থানীয় একটি ধর্মীয় অনুসরণের কারণে এ ইউনিয়নের অধিকাংশ নারী ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দেন না বলে জানা গেছে।

মাঝে মধ্যে অল্পসংখ্যক নারী ভোট দিলেও তা ছিল খুবই সীমিত। তবে এবার জেলা প্রশাসনের উদ্যোগে সেই দীর্ঘদিনের অনাগ্রহ ভাঙার চেষ্টা করা হচ্ছে।


নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রেই শুধুমাত্র নারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্দা রক্ষা করে ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সত্তরের দশকে জৈনপুরের এক পীরের পরামর্শ অনুসরণ করে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন। যদিও দৈনন্দিন জীবনযাপন, বাজার-হাট বা অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় উপস্থিতি দেখা যায়।


এবারের নির্বাচনে ইউনিয়নের ৮টি কেন্দ্রে নারী ভোটারদের জন্য ২০টি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে সহকারী প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য ভোটগ্রহণ কর্মকর্তা—সবাই নারী। ইউনিয়নে মোট ১০ হাজার ২৯৯ জন নারী ভোটার রয়েছেন, যাদের কেন্দ্রে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রশাসনের আশা, বিশেষ এই ব্যবস্থার ফলে দীর্ঘদিন পর উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর