আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান ঠেকাতে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে।
এরই অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযান চালায়।
অভিযানটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায়, যা সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সারা দেশে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ মোট ৩৪টি বিদেশি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডারসহ বিভিন্ন ধরনের আরও ৫৪টি অস্ত্র জব্দ করেছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ১ জন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা রুখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এসআর
মন্তব্য করুন: