রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে একটি বড় আকারের ইলিশ মাছ ধরা পড়েছে, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ১০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়া পদ্মার ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন চর সিলিমপুর এলাকায় স্থানীয় জেলে মাসুদ হালদারের জালে মাছটি উঠে আসে। ইলিশটির ওজন ছিল প্রায় ২ কেজি।
জেলে মাসুদ হালদার জানান, সোমবার রাতে নদীতে জাল ফেলে অপেক্ষায় ছিলেন তিনি। ভোরের দিকে জালে প্রবল টান অনুভব করলে বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল তুলে দেখে একটি বড় ইলিশ ধরা পড়েছে।
সকাল ৮টার দিকে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে নেওয়া হয়। সেখানে হালিম মিয়ার আড়তে নিলামের মাধ্যমে ৫ হাজার টাকা কেজি দরে মোট ১০ হাজার টাকায় ইলিশটি বিক্রি করা হয়।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, তিনি মাছটি কিনে পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে চট্টগ্রামে অবস্থানরত এক প্রবাসীর কাছে বিক্রি করেছেন। এতে কেজিপ্রতি প্রায় ৩০০ টাকা লাভ হয়েছে বলে জানান তিনি।
বড় আকারের ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: