[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র, গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি তৈরি পিস্তলসহ গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় এস্কার্প সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানের সময় সন্দেহভাজন একজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের দিকে এই অভিযান পরিচালিত হয় বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেকায়বা বিওপির আওতাধীন সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকসহ একজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে।

পরে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসানের দিকনির্দেশনায় একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।


টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর কাছাকাছি ১৮ আর পিলার সংলগ্ন এলাকায়, বাংলাদেশ অংশের প্রায় ৫০ গজ ভেতরে কায়বা গ্রামের দাদখালী এলাকার একটি পাকা সড়কের পাশে কৌশলগতভাবে অবস্থান নেয়।

এ সময় ইছামতি নদী পার হয়ে একজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। তাকে থামার সংকেত দেওয়া হলে তিনি তা অমান্য করেন।

একপর্যায়ে পরিস্থিতি বেগতিক বুঝে ওই ব্যক্তি তার বহনকৃত ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ভারতের দিকে পালিয়ে যায়।


পরে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা একটি ৭.৬৫ এমএম চায়না নির্মিত পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেন।


এ বিষয়ে বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এসআর

সম্পর্কিত খবর