গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এই গণভোট মূলত একটি বিষয়কে কেন্দ্র করেই—দেশে সংস্কার প্রয়োজন কি না। যারা রাষ্ট্র সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না, তারা ‘না’ ভোট দেবেন। বিএনপি সংস্কারের পক্ষে, তাই আমরা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো।
রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের শাসনব্যবস্থা যেভাবে পরিচালিত হয়েছিল, সেই ব্যবস্থার সঙ্গে জড়িত ব্যক্তিরা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন দেশকে সঠিক পথে ফেরাতে হলে মৌলিক সংস্কার ছাড়া বিকল্প নেই। সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তিনি সবসময় তাদের পাশে রয়েছেন এবং তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। কেউ তাদের ক্ষতি করতে পারবে না বলেও আশ্বাস দেন তিনি।
জনসাধারণের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, আর মাত্র কয়েক দিনের মধ্যেই নির্ধারিত হবে দেশ আগের ধারায় চলবে, নাকি নতুন পথে যাত্রা শুরু করবে। তিনি প্রশ্ন রাখেন—নতুনভাবে দেশ পরিচালনার সুযোগ কি জনগণ নিতে চায় না?
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, তিনি একজন তরুণ, আধুনিক ও উদ্যমী নেতা। বিএনপি পুরোনো রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে নতুন নেতৃত্ব ও নতুন চিন্তাধারার পক্ষে অবস্থান নিতে চায়।
তিনি আরও বলেন, দেশের নেতৃত্বে একজন তরুণ প্রধানমন্ত্রী প্রয়োজন, যিনি আধুনিক ভাবনা ও সাহসী সিদ্ধান্তের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: