কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় গণসংযোগ এবং বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এই গণমিছিল আয়োজন করেন দলের নেতাকর্মীরা।
এ সময় ইসলামী আন্দোলনের কর্মীরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোটারদের মাঝে হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ইসলামের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান।
গণমিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদ। চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ক্বারী আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোহাম্মদ খোরশেদ আলম।
সভাটি সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন শাহেদী। এ ছাড়া বক্তব্য দেন পৌরসভার দ্বীন কায়েম সংগঠনের সভাপতি শফিকুর রহমান, জগন্নাথদীঘি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হাই সুমন মিয়াজী, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি দেশে একটি ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তবে সমাজে শান্তি ও ন্যায়বিচার ফিরে আসবে। সে লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।
এসআর
মন্তব্য করুন: