[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

দেশের গুণগত পরিবর্তনে দাঁড়ি পাল্লায় ভোট চাইলেন অ্যাডভোকেট আবু তাহের

লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ পিএম

সংগৃহীত ছবি

দেশের সার্বিক পরিবর্তন আনতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির লালমনিরহাট সদর-৩ আসনের প্রার্থী ও জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহের।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট মুক্ত মঞ্চে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

লালমনিরহাট শহর শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের শহর সভাপতি মোঃ মোতালেব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবু তাহের বলেন, শ্রমিক সমাজ দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হলেও তাদের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত।

জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব কোনো ভূমিকা রাখেনি।


তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাট দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই জেলার অবকাঠামো ও কর্মসংস্থান বাড়াতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার বিকল্প নেই।


নির্বাচনকে ঘিরে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, ভোটারদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হলে তা জনগণ মেনে নেবে না। তিনি নেতাকর্মীদের ধৈর্য ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


সমাবেশ শেষে শ্রমিকরা দাঁড়ি পাল্লার সমর্থনে একটি নির্বাচনী মিছিল বের করেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা সভাপতি রেনায়েল আলম, উপদেষ্টা হাফেজ শাহ আলম, সংগঠনের সাবেক জেলা উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাতেন, সদর উপজেলা সভাপতি মোঃ সুজন মিয়া, উপদেষ্টা মোঃ মাহিবুর রহমান এবং জুলাই যোদ্ধা মোঃ নুর ইসলাম।


এছাড়াও ১১ দলীয় জোটের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর