[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার

ঝালকাঠি জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২৯ পিএম

সংগৃহীত ছবি

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী নেতা ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেছেন, নির্বাচিত হলে তিনি মানুষের কল্যাণে কাজ করবেন এবং এলাকায় ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমানোর উদ্যোগ নেবেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড় থেকে তাঁর নির্বাচনী প্রচার মিছিল শুরু হয়।

মিছিলটি বাগরি বাজার, মেডিকেল মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষ সবসময় সচেতনভাবে নেতৃত্ব বেছে নেয় এবং অতীতেও তারা ভুল সিদ্ধান্ত নেয়নি।

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনেও জনগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছে। ভাঙাচোরা সড়ক, প্রতি বছর বিষখালী নদীর ভয়াবহ ভাঙন, বসতভিটা বিলীন হওয়া এবং ক্রমবর্ধমান বেকারত্ব এ এলাকার প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এসব সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান বলে জানান।


নিজের বক্তব্যে তিনি বলেন, “আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই, আমি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।” এ সময় তিনি হাঁস প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এই প্রচার মিছিলে রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাঁস প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন।

সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর