[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

জনরায়ের ওপরই রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫৭ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশের শাসনব্যবস্থা অবশ্যই জনগণের মতামতের প্রতিফলন ঘটাবে।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী গোপন পরিচয়ে জনগণের ওপর নতুন ধরনের দমন-পীড়ন চালাচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তারেক রহমান বলেন, দেশে এমন একটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, যাদের সাধারণ মানুষ আড়াল থেকেই চেনে।

তিনি আরও অভিযোগ করেন, একটি দল ভুয়া ব্যালট ছাপানোসহ নির্বাচনের আগে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এমনকি সাধারণ নারী সমাজের কাছ থেকে আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার প্রশ্ন, যারা ভোটের আগেই প্রতারণায় লিপ্ত, তারা কীভাবে ন্যায়ভিত্তিক শাসন কায়েম করবে?

বিএনপি চেয়ারম্যান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের পরবর্তী পাঁচ বছর জনগণের পাশে থাকতে হবে। জনগণের সমর্থন হারালে পরিণতি কী হতে পারে, তার উদাহরণ অতীতে সবাই দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর বরিশালে এসে নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান। তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালে পৌঁছে সরাসরি বেলস পার্কের জনসভায় যোগ দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর