[email protected] বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২

শার্শার বালুন্ডায় মাটি কাটার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

শার্শা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৪ পিএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে ভিটার মাটি খননের সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কায়বা ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার গনি ঢালির ভিটে এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) ও একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তারা দুজনই দীর্ঘদিন ধরে মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে তারা ভিটের মাটি কাটার সময় কোদাল দিয়ে আঘাত করলে মাটির আনুমানিক দেড় হাত নিচে থাকা একটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন ছুটে এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।


পরে আহতদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজনকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরিত ককটেলটি অনেকদিন আগে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

তবে এটি পরিকল্পিত কোনো নাশকতার অংশ কিনা, তা যাচাই করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণে কাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর