[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) আর নেই।

 (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


ময়মনসিংহ যাওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে শহরের প্রবেশমুখের একটি ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এ সময় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।


দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হলেও সাংগঠনিক দায়িত্ব ও নির্বাচনী ব্যস্ততার কারণে তিনি নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমেই চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।


নির্বাচনী কার্যক্রমে সক্রিয় থাকতে প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত সাংগঠনিক কাজ শেষে তিনি ময়মনসিংহে গিয়ে ডায়ালাইসিস করাতেন। পরদিন সকালে আবার শেরপুরে ফিরে দলীয় ও নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হতেন।


নুরুজ্জামান বাদলের মৃত্যুতে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর