[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

জয়পুরহাট-২ আসনে খিচুড়ি রান্নার অভিযোগ: বিএনপির প্রার্থী আব্দুল বারীকে শোকজ

পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪২ এএম

জয়পুরহাট-২ আসন (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদের স্বাক্ষরে এ শোকজ নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী সময়ে খাবারের আয়োজনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এ কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩(ক) ধারায় কেন ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


নির্বাচনী অনুসন্ধান কমিটির তথ্যমতে, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের মিনিগাড়ী এলাকার বাড়ির উঠানে একাধিক বড় পাতিলে খিচুড়ি রান্না করা হচ্ছিল।

সেখানে আরও কয়েকটি পাতিলে রান্নার প্রস্তুতিও চলছিল। এ সময় কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে রান্নার কাজে নিয়োজিত ব্যক্তিরা সেখান থেকে সরে যান।


স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীর একটি নির্বাচনী পথসভা উপলক্ষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য এ খাবারের আয়োজন করা হয়েছিল। পরে রান্না করা খিচুড়ি এবং চাল, ডাল, তেল ও অন্যান্য রান্নার সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত খাবার ও উপকরণ পরবর্তীতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।


নোটিশে আরও বলা হয়, নির্বাচনের সময় এ ধরনের খাবারের ব্যবস্থা ভোটারদের প্রভাবিত করার শামিল হতে পারে, যা আইন ও আচরণবিধির পরিপন্থী। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।


এ বিষয়ে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি খিচুড়ি রান্না বা পথসভার আপ্যায়ন সংক্রান্ত কোনো আয়োজন সম্পর্কে অবগত ছিলেন না। তাঁর দাবি, রাজনৈতিকভাবে তাঁকে বিতর্কিত করার উদ্দেশ্যে কেউ এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর