নওগাঁয় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর চারজন এবং বিএনপির একজন কর্মীকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, নওগাঁ–৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
প্রচারণা শেষে তিনি তাঁর কর্মী–সমর্থকদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। এ সময় পাশের গোপাই গ্রামের কয়েকজন বিএনপি কর্মী একটি বাড়িতে ভিডিও ধারণ করতে গেলে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
ভিডিও ধারণকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা জামায়াতের কয়েকজন কর্মীকে একটি বাড়িতে অবস্থান করতে বাধ্য করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে নেন।
আহত বিএনপি কর্মী রাকিব হাসান অভিযোগ করেন, ভিডিও ধারণে বাধা দেওয়ার জেরে জামায়াতের কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়।
অপরদিকে আহত জামায়াত কর্মী হাসান প্রামাণিক বলেন, ভিডিও ধারণের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হয় এবং পরে তাঁদের ওপর আক্রমণ করা হয়।
নওগাঁ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আব্দুর রহিম দাবি করেন, গণসংযোগ শেষে প্রার্থী একটি বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় হামলার ঘটনা ঘটে, এতে তাঁদের একাধিক কর্মী আহত হন।
তবে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সংঘর্ষের সূত্রপাত জামায়াতের কর্মীরাই করেছে এবং বিএনপির লোকজনও এতে আহত হয়েছেন।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: