আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম আগের তুলনায় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে হিলি উপজেলার চারমাথা মোড়ে স্থাপিত বিজিবির একটি অস্থায়ী চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
এ সময় তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি নিরপেক্ষভাবে নির্বাচনকালীন দায়িত্ব পালন করছে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ১ ফেব্রুয়ারি থেকেই বিজিবি মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে।
তিনি আরও জানান, ফুলবাড়ী ২৯ বিজিবির আওতাধীন মোট ছয়টি উপজেলায় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা দায়িত্ব পালন করছে বিজিবি। এর মধ্যে সীমান্তবর্তী হিলি, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় চার প্লাটুন করে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এসব এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি না থাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
লে. কর্নেল জাবের বিন জব্বার বলেন, নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই বিজিবি সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান ঠেকাতে বিশেষ নজরদারি চলছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী প্রবেশের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
কঠোর এই নিরাপত্তা ব্যবস্থার ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবির এই কর্মকর্তা।
এসআর
মন্তব্য করুন: