সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে হবিগঞ্জে আরেকটি উল্লেখযোগ্য অভিযান চালিয়েছে।
এতে ধানের তুষের নিচে লুকিয়ে পাচার করা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।
এলাকাটি সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার ভেতরে অবস্থিত।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর প্রায় ৪টার দিকে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাকের ভেতরে থাকা ধানের তুষ ভর্তি বস্তার নিচে কৌশলে লুকানো ভারতীয় বিভিন্ন কসমেটিকস সামগ্রী এবং বিপুল পরিমাণ ব্যথানাশক ওষুধ—মন্টিসেট-এল ও ডাইক্লো-এম উদ্ধার করা হয়।
পাচারের উদ্দেশ্যে বহন করা এসব পণ্য ঘটনাস্থলেই জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জব্দ করা পণ্যসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এসআর
মন্তব্য করুন: