[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে রাজশাহীতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১:২৫ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচনী জনসভায় যোগ দিতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রাজশাহীতে পৌঁছেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে তিনি সড়কপথে রাজশাহী নগরের উদ্দেশে রওনা হন। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর দেড়টার দিকে তিনি হযরত শাহ মখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করেন। পরে বেলা ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে সকাল থেকেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন থানা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ময়দানে জড়ো হতে থাকেন।

মানুষের ঢলে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। সংসদ সদস্য প্রার্থীদের বহর মাঠে প্রবেশ করলে উপস্থিত জনতার উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

বিপুল সমাগমের কারণে আশপাশের সড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়। অনেক তরুণকে গাছ, দেয়াল ও উঁচু স্থাপনায় উঠে প্রিয় নেতার এক ঝলক দেখার চেষ্টা করতে দেখা যায়। সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান পরিণত হয় বিশাল জনসমুদ্রে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়। গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় এবং ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, যেখানে জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। এরপর সড়কপথে তিনি নিজ জেলা বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রাত সাড়ে ৮টায় তিনি হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর