[email protected] মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

জয়পুরহাট এনসিপি জেলা কমিটি স্থগিতের দাবিতে যুবশক্তি ও ছাত্রশক্তির মানববন্ধন

জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১:৫০ এএম

সংগৃহীত ছবি

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান কমিটিকে অদক্ষ ও অকার্যকর আখ্যা দিয়ে তা স্থগিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির একাংশ নেতাকর্মী ও সহযোগী সংগঠন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই আহ্বায়ক ও সদস্য সচিবসহ কয়েকজন নেতা সংগঠনে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন।

নিয়মিত সাংগঠনিক কার্যক্রম না থাকায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। পাশাপাশি যুব ও ছাত্র সংগঠনের সঙ্গে কোনো ধরনের সমন্বয়ও রাখা হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়।


বক্তারা আরও বলেন, তারা ১০ দলীয় জোটের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী হলেও বর্তমান নেতৃত্বের নিষ্ক্রিয়তা ও দুর্বল সাংগঠনিক ব্যবস্থাপনার কারণে মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বর্তমান আহ্বায়ক কমিটি দিয়ে দলকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন। অবিলম্বে জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান তারা।


কর্মসূচিতে বক্তব্য দেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল ও সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম।

এছাড়া ওয়ারিয়র্স অব জুলাই-এর জেলা সদস্য সচিব রাশেদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, মানববন্ধনের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না।

তবে বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে। তিনি জানান, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর