সাধারণ ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে লালমনিরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
ইসলামী ফাউন্ডেশন লালমনিরহাটের উপ-পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমামগণ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম এবং আদিতমারী মারকাজুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের নৈতিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার অন্যতম পূর্বশর্ত।
এছাড়া সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মধ্যে ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বক্তারা মত প্রকাশ করেন।
এসআর
মন্তব্য করুন: