জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির আবদুস সাত্তার বলেছেন, ঋণখেলাপী ও দুর্নীতিবাজ ব্যক্তিরা যদি সংসদ সদস্য হন, তাহলে দেশের ব্যাংকসহ সব খাত লুটপাটের শিকার হবে।
সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাতামা সাতবাড়িয়া কেন্দ্র আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সাত্তার বলেন, গত ১৬ বছরে দেশবাসী চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল, বাজার ও সরকারি দপ্তর দখলের মতো ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হয়েছে।
৫ আগস্টের পর এসব অনিয়ম বন্ধ হবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তা হয়নি। তিনি প্রশ্ন রেখে বলেন, বর্তমানে কি বাজার দখল, বাসস্ট্যান্ড দখল কিংবা রাস্তায় সন্ত্রাস বন্ধ হয়েছে? বরং যেসব দল ক্ষমতায় যেতে চায়, তারা আগের স্বৈরাচারের তুলনায় আরও বেশি মাত্রায় চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াচ্ছে।
তিনি আরও বলেন, দেশের শীর্ষ ৫৯ জন ঋণখেলাপীর কাছে প্রায় ২৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। যারা জনগণের এই বিপুল অর্থ আত্মসাৎ করেছে, তারা রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের অর্থনীতি চরম ঝুঁকিতে পড়বে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মো. মিজানুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, এনসিপি নেতা মামুন মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: