[email protected] রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
১৯ মাঘ ১৪৩২

শেরপুরে র‍্যাবের চেকপোস্টে ট্রাকভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ৩

শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

শেরপুরের সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় র‍্যাবের অভিযানে একটি ট্রাক থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব-১৪।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল শেরপুর–বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজারে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে।


এ সময় একটি ট্রাককে থামার নির্দেশ দিলে ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে র‍্যাব সদস্যরা তিনজনকে আটক করতে সক্ষম হন।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ট্রাকের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলেন— মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। তারা সবাই শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা।


র‍্যাব জানায়, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৯৬ হাজার ৮০৫ টাকা নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এক বিজ্ঞপ্তিতে জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর