হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্বশত্রুতার জেরে বিএনপির এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে ও মারধরের ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর ছেলে মো. এনামুল হক বাদী হয়ে বাহুবল মডেল থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাহুবল সদর ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের জাবেদের দোকানের সামনে বিএনপির একটি সভা শেষে বাড়ি ফেরার সময় ফজলু মিয়া (৫৫) নামের ওই কর্মীর পথরোধ করা হয়। পরে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করলে ফজলু মিয়ার মাথা, মুখ, হাত ও পায়ে গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রাণ বাঁচাতে তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেনের বাড়িতে আশ্রয় নিলেও সেখানেও তাকে ধাওয়া করে হামলা করা হয়। এতে তার দুই পা ভেঙে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পান।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে সাবেক ইউপি সদস্য আলফা বেগমসহ আরও কয়েকজন আহত হন। আহত অন্তত চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গুরুতর আহত ফজলু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এবং আগেও একাধিকবার হুমকি ও হামলার ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এসআর
মন্তব্য করুন: