মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মধ্যম ষাইটমারা এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তঃ নবীন- প্রবীণ নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
ষাইটমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মাঠে নামেন তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা একসাথে, যা দর্শকদের মাঝে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট বাস্তবায়নে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা আর্থিক সহায়তা দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় শ্রমজীবী মানুষ মাঠ প্রস্তুতসহ সার্বিক ব্যবস্থাপনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই আয়োজনের সঙ্গে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই; এটি পুরোপুরি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে।
তারা আরও জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে রাখা এবং গ্রামকে জুয়া, মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখাই এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য।
এদিকে স্থানীয় ক্রীড়া অনুরাগীরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে এলাকায় সুস্থ বিনোদনের সুযোগ বাড়বে এবং সামাজিক বন্ধন আরও মজবুত হবে।
এসআর
মন্তব্য করুন: