[email protected] শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহ মেডিকেলের শিশু ওয়ার্ডের স্টোরে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৮:৪১ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয়তলায় অবস্থিত শিশু ওয়ার্ডের একটি সাব স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে স্টোরকক্ষটিতে আগুন লাগে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্টোরে রাখা মেট্রেস, বিছানা ও অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে।


স্টোরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় আগুনের ধোঁয়া দ্রুত আশপাশের বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এতে শিশু ওয়ার্ডসহ একাধিক ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে অনেক রোগী ও স্বজন সিঁড়ি ব্যবহার করে নিচে নেমে আসেন। পুরো হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ওয়ার্ডের ভেতর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর নিরাপত্তার জন্য সবাই দ্রুত ওয়ার্ড ছেড়ে বেরিয়ে যান। যে কক্ষে আগুন লাগে সেখানে অতিরিক্ত মেট্রেস, বেডশিটসহ নানা সরঞ্জাম মজুত ছিল।


হাসপাতালের সিনিয়র স্টোর কর্মকর্তা ডা. ঝন্টু সরকার জানান, সংশ্লিষ্ট সাব স্টোরটি সাধারণত তালাবদ্ধ থাকে এবং সেখানে আগুন লাগার স্বাভাবিক কোনো কারণ নেই। তবে পাশের বাথরুম এলাকায় অসাবধানতাবশত কেউ বিড়ি বা সিগারেটের আগুন ফেলতে পারে বলে তিনি ধারণা করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, বিকেল ৫টার দিকে আগুনের সংবাদ পাওয়ার পর ইউনিটগুলো দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।
এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর